আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে খেলতে চায় বাংলাদেশ। গতকাল শ্রীলংকার রাজধানী কলম্বো রওনা হওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে এমন প্রত্যয়ের কথা জানান বাংলাদেশ দলের পেস বোলার তাসকিন আহমেদ।

শনিবার সংবাদ সম্মেলনে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান দুজনই বলছিলেন, দলের প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উতরানো। তাসকিন অবশ্য সরাসরি ফাইনালে খেলার স্বপ্নের কথাই জানিয়ে গেলেন।

এশিয়া কাপের ১৫ আসরে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে এবং তিনবারই রানার্সআপ হয়েছে। কখনো শিরোপা জেতা হয়নি। ২০১২ সালে মিরপুরে পাকিস্তানের কাছে, ২০১৬ সালে একই মাঠে ভারতের কাছে ও ২০১৮ সালে দুবাইয়ে ভারতের কাছে ফাইনালে হেরেছে টাইগাররা। শেষবার ভারতের কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। 

শিরোপা জয়ের লক্ষ্য না থাকলেও এশিয়া কাপে আরেকবার ফাইনাল খেলতে চায় বাংলাদেশ। এ নিয়ে তাসকিন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি, ব্যক্তিগতভাবে অনেক খুশি হব। দলগতভাবে যেন ভালো ক্রিকেট খেলতে পারি। সবাই দোয়া করবেন যেন ভালো করতে পারি।’

শিরোপার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। তবে মূল জিনিসটা হলো ভালো ক্রিকেট খেলা। যেহেতু সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরা ক্রিকেটটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। সবাই দোয়া করবেন আমরা যেন সেরা ক্রিকেট খেলতে পারি।’