দল ঘোষণার আগে ও পরের বিতর্ক, দুর্বল পারফরম্যান্স ও ক্রিকেটারদের ঘিরে নানা নেতিবাচক খবরের কারণে এবারের বিশ্বকাপ আসরটি ভুলে যেতে চাইবে বাংলাদেশ। ঘটনাবহুল এ আসরে আজ শেষবারের মতো খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বেলা ১১টায় বিশ্বকাপের পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ।
আগের ম্যাচেই আফগানিস্তানের বিপক্ষে হারের মুখ থেকে ফিরে এসে জিতেছে অজিরা। ২০১ রানের মহাকাব্যিক এক ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। এর আগে অজিদের বোলিংকে চ্যালেঞ্জ জানিয়ে ২৯১ রান তুলে নেয় আফগানিস্তান। আজ বাংলাদেশ ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ের এ দুর্বলতাগুলো কাটিয়ে উঠে সেমিফাইনালের প্রস্তুতি সারবে প্যাট কামিন্সের দল। ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিতে প্রোটিয়াদের মুখোমুখি হবে তারা।
নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করা ম্যাক্সওয়েল আফগানিস্তান ম্যাচে ১২৮ বলে ডাবল সেঞ্চুরি করে গড়েছেন অসংখ্য রেকর্ড। এছাড়া ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের মতো মারমুখী ব্যাটার তো আছেনই। আজ এ বিস্ফোরক ব্যাটিং ইউনিটের মুখোমুখি হবেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা।
অজিরা বিশ্বকাপের জন্য খেললেও বাংলাদেশের লক্ষ্য ভিন্ন। বিশ্বকাপে সেমিতে খেলার আশা আগেই শেষ হয়ে গেছে। তবে বিশ্বকাপ থেকে পাওয়ার সবকিছু শেষ হয়ে যায়নি এখনো। আজ জিতলে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। এ মুহূর্তে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে টাইগাররা (নিট রানরেট -১.১৪২)। তাদের নিচে আছে শ্রীলংকা (৯ ম্যাচে ৪ পয়েন্ট, নিট রানরেট -১.৪১৯) ও নেদারল্যান্ডস (৮ ম্যাচে ৪ পয়েন্ট, নিট রানরেট -১.৬৩৫)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে ইংল্যান্ডকে (৪ পয়েন্ট) টপকে টেবিলের সাতে উঠে যাবে বাংলাদেশ।










