চীনের টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম।

সোমবার (৫ জুন) বিকালে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা চীনের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। ৪০ দিনের এই ইন্টার্নশিপে তারা সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট কি ল্যাবরেটরি অব মেরিন জিয়োলজি’-তে জিওকেমিক্যাল নমুনা বিশ্লেষণের সুযোগ পাবেন। তাদের সঙ্গে সুপারভাইজার হিসেবে গেছেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ গবেষণার অংশ হিসেবে তারা সেখানে নমুনা বিশ্লেষণ সংক্রান্ত এ ইন্টার্নশিপের সুযোগ পেলেন।

চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার আগের ওই দুই শিক্ষার্থী যবিপ্রবির উপাচার্য ও একুশে পদকপ্রাপ্ত বিজ্ঞানী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় যবিপ্রবি উপাচার্য বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড অ্যাম্বাসেডর। শিক্ষা ও গবেষণায় যত ভালো করবে, তত এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে।

টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আনাস আল হোসাইন ও  আমিনুল ইসলাম তাদের সুপারভাইজার অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।