রাজধানীর বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর অভিযানে কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীসহ ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইনবহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ইউনিট, র‍্যাব ও থানা পুলিশের সমন্বয়ে মোহাম্মদপুর-আদাবর, আজিমপুর, ঢাকা কলেজ, খিলক্ষেত, উত্তরা, আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, দক্ষিণখান ও নিকুঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়।

যৌথ অভিযানে কামরাঙ্গীরচরে ডাকাতির ঘটনায় জড়িত কিশোর গ্যাং কুট্টি গ্রুপের নেতা রাসেল ও তার সহযোগী সাব্বিরসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরও আটক করা হয়েছে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দেশী অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে কাছের সেনাক্যাম্পে তথ্য দেয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে বলে আইএসপিআর জানিয়েছে।