বাগেরহাটের মোংলার পশুর নদে ৩৫০ টন কয়লাসহ ডুবে যাওয়া এমভি ফারদিন-১ কার্গোর আরো এক নাবিককে মৃত উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে হাড়বাড়িয়া থেকে ভাটার দিকে নদীতে ভাসমান অবস্থায় রবিউল ইসলাম (১৮) নামে ওই নাবিকের মরদেহ উদ্ধার হয়।
এর আগে মহিউদ্দিন ও নুর ইসলাম নামে দুই নাবিককে মৃত উদ্ধার করা হয়েছিল। মহিউদ্দিন ও রবিউল সম্পর্কে বাবা-ছেলে।
এ পর্যন্ত ডুবে যাওয়া ফারদিন-১ কার্গোর তিন নাবিকের মরদেহ উদ্ধার হলো। মহিউদ্দিন ও রবিউলের বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠী এলাকায় বলে জানা গেছে। কার্গো ডুবির ঘটনায় এখনো দুই নাবিক নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন মোংলা শাখার সহসাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল বলেন, আজ দুপুরে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন নিখোঁজ পরিবারের সদস্যরা। এরপর খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে রবিউলের পরিচয় নিশ্চিত হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, জেলেদের মাধ্যমে খবর পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।










