বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনর্ব্যবহারের সুবিধার্থে ইউভি স্টেরিলাইজার মেশিন স্থাপন করা হয়েছে। আউটডোর ডক্টরস এসোসিয়েশনের অর্থায়নে মেশিনটি চালু করার ব্যবহৃত মাস্ক একাধিকবার ব্যবহারের সুযোগ থাকছে। এরফলে অপচয়রোধ সম্ভব হয়েছে। হাসপাতালের ২য় তলায় ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে মেশিনটি স্থাপন করার পর আজ বৃহস্পতিবার এটি চালু করা হয়।
সংগঠনটির সূত্রে জানা গেছে, বরিশালসহ দেশে উন্নতমানের এন-৯৫ মাস্কের স্বল্পতা ও দামের উপর বিবেচনায় একাধিকবার ব্যবহার করা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় শেবাচিম হাসপাতালে একটি ইউভি স্টেরিলাইজার মেশিনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে আউটডোর ডক্টরস এসোসিয়েশনের পক্ষ থেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের ব্যবহৃত মাস্ক পুনর্ব্যবহারের উপযোগী করতে ইউভি স্টেরিলাইজার মেশিনটি স্থাপন করা হয়।
আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবী তুহিন জানান, এই মেশিনের সাহায্যে একটি মাস্ক স্টেরিলাইজ করে (জীবাণুমুক্ত) একাধিকবার ব্যবহারের সুযোগ রয়েছে। ইতোমধ্যে যেসব মাস্ক ব্যবহার করা হয়েছে সেগুলো আবারও স্টেরিলাইজ করার প্রক্রিয়া চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এই মেশিনের সুবিধা পাবেন এবং পর্যায়ক্রমে জনসাধারণের সুবিধায় ব্যবহার হবে।
এদিকে আউটডোর ডক্টরস এসোসিয়েশন করোনা মোকাবেলা বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কোয়ারেন্টিনে থাকা হাসপাতালের ইন্টার্ন ডক্টর ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করেছে। এছাড়াও করোনা ও আইসোলেশন ওয়ার্ডে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের স্বজনের মাঝেও ইফতার বিতরণ অব্যাহত রেখেছে। সংগঠনটি করোনা আক্রান্ত ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য সার্বক্ষণিক মেডিকেল (মোবাইল) টিম চালু রেখেছে। আর এসব সেবামূলক কার্যক্রম চলছে সংগঠনটির নিজস্ব অর্থায়নে।










