বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি এ লক্ষ্য বাস্তবায়নে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার সকালে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই দেশ গড়তে সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সরকারের পরিকল্পনা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এদিন জেলার প্রধান ঈদ জামাত শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান জামাতে জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।










