বরিশালে ধর্ষণের পর শিশুকে হত্যার দায়ে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুর ১২টায় বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তের নাম আবুল কালাম আজাদ কালু। তিনি নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. মোখলেচুর রহমান মামলার নথির বরাত দিয়ে বলেন, ২০১৮ সালের ১১ মার্চ নগরীর কাশিপুর এলাকার পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে ধর্ষণ করেন ট্রাকের হেল্পার আবুল কালাম আজাদ কালু। ধর্ষণের পর তাকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে পাশের বাড়ির কবরস্থানে রেখে আসে। হত্যার দুদিন পর ১৩ মার্চ দুর্গন্ধ বের হলে থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন বিমানবন্দর থানায় হত্যা মামলা করেন নির্যাতিতার মা। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩০ সেপ্টেম্বর কালুর বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল এ রায় ঘোষণা করেন আদালত।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার। পরিবারের দাবি, দ্রুত রায় কার্যকর করা হোক। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফয়জুল হক ফয়েজ বলেন, এ রায় যুগান্তকারী এবং রাষ্ট্রপক্ষ খুশি। এ রায়ের মাধ্যমে এটাই প্রমাণিত, কেউ অপরাধ করে পার পাবে না।










