প্রজনন ও বিস্তারের সময়কাল বিবেচনায় আগামী ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে বরিশালে প্রজননক্ষম ইলিশ সংরক্ষণে সমন্বিত অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
আজ বুধবার সকালে নগরীর কীর্তনখোলা নদী তীরবর্তী ডিসি ঘাট এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। উদ্বোধনী কর্মসূচিতে কীর্তনখোলা নদীতে স্পিড বোটে মহড়া চালানো হয়।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, আমরা দেখেছি মা ইলিশ সংরক্ষণ করলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। তাই আগামী ২২ দিন প্রজননের সময়ে ইলিশ সংরক্ষণে অভিযানে নৌ-পুলিশ, কোস্ট গার্ড, র্যাব, পুলিশ, মৎস্য অফিস ও জেলা প্রশাসন যৌথভাবে নদী ও বাজারে অভিযান চালাবে। এসময় ইলিশ ধরা, সংরক্ষণ, বাজারজাতের সাথে কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করা হবে।
তিনি আরো বলেন, ইলিশ ধরা বন্ধের দিনগুলোতে মৎস্য অধিদপ্তর থেকে পাঠানো জেলেদের সহায়তা পৌঁছে দেয়া হয়েছে এবং এই ব্যবস্থা পর্যায়ক্রমে চলবে।
জেলা মৎস্য কর্মকর্তা আবু সাইদ বলেন, আমাদের প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ৪ নভেম্বর পর্যন্ত। এসময় ইলিশ সংরক্ষণ অভিযানে দায়িত্বরত কোন কর্মকর্তার অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।










