রাঙামাটির কাপ্তাইয়ের উপজেলায় আদাক্ষেতে কীটনাশক ছিটাতে গিয়ে বিষক্রিয়ায় হ্লাপ্রু চাই মারমা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার উপজেলার চিৎমরম ইউনিয়নের উজানছড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত থুইসা মারমার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাধীন চিৎমরম ইউনিয়নের উজানছড়ি পাড়ায় (মারমা পাড়া) হ্লাপ্রুচাই মারমা আদা ক্ষেতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন বিকালে ক্ষেতে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় কাপ্তাইয়ে অবস্থিত চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে (মিশন হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে, আদাক্ষেতে বিষ প্রয়োগ করার সময় নাকে ও মুখে মাস্ক পরিধান না করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। আর বিষক্রিয়াতেই তার মৃত্যু হয়েছে।