বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির মামলায় বটতলা চন্দনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল হালদারকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বিকালে মোরেলগঞ্জ উপজেলার বটতলা এলাকা থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার রাতে যৌন হয়রানির অভিযোগ এনে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) তুহিন মণ্ডল বলেন, এক শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় আমরা ওই শিক্ষককে গ্রেফতার করেছি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।