বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে আব্দুল হান্নান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এরপর স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে গ্রামের বাড়িতে তার দাফন করা হয়েছে।
এই আইসোলেশন কেন্দ্রে এখন ৭ জন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। আরো ১১ জন নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে চিকিৎসাধীন।
মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন কেন্দ্র সূত্রে জানা গেছে, মৃত আব্দুল হান্নান জেলার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের মৃত ফজেক আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার তিনি অসুস্থ অবস্থায় শহরের একটি ক্লিনিকে ভর্তি হন। সেখানে এক্স-রে রিপোর্টে ফুসফুসের দুই অংশেই নিউমোনিয়া দেখতে পান চিকিৎসকরা। এরপরই তাকে রাত ১২টায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ সকালে তিনি মারা যান।
এনিয়ে বগুড়ায় আইশোলনে মোট চারজনের মৃত্যু হলো। করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার এই হাসপাতালে ৪ জন ভর্তি হয়। এর মধ্যে একজনের মৃত্যুতে বর্তমানে মোট ১০ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত। আর জেলায় মোট ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
মোহাম্মদ আলী হাসপাতালে আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, বৃহস্পতিবার রাত ১২টায় ওই ব্যক্তি নিউমোনিয়া, ডায়াবেটিস ও মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ভর্তি হোন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।










