মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসে রহস্যজনক ভাবে প্রাণ হারালেন মো. ইসমাইল হোসেন (৫০) নামের এক ব্যক্তি। তার মৃত্যুর পর তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং বাজারের ব্যাগ গায়েব।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
নিহতের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাবা আমাকে ফোন করে জানান যে সকালে ঢাকায় পৌঁছাবেন। সকালে প্রথমে তার গাজীপুরের জিরানীতে আসার কথা ছিল। আমি জিরানীতে গিয়ে বাবাকে অনেকবার ফোন করলেও ফোন বন্ধ পাই।
পরে বনানী থানা থেকে আমাদের গ্রামের বাড়ির পুলিশ ফাঁড়িতে যোগাযোগের করে। এরপর বাবার মৃত্যুর খবর পাই। তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন এবং বাজারের ব্যাগ কিছুই পাওয়া যায়নি।
তিনি আরো জানান, আমার বাবা ডেল্টা স্পিনিং মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেয়ার পর ৫ মাস পরিবারের সাথে গাজীপুরের কাশিমপুরে ছিলেন। চার মাস আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান। ছোট মেয়ে শারমিনের বিয়ের কথা-বার্তা চূড়ান্ত করতেই তিনি ঢাকায় আসছিলেন। মেয়ের বিয়ের খরচ জোগাতে সম্প্রতি তিনি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। সেই টাকার মধ্যে ২ লাখ টাকার ঋণ শোধ ও গ্রামে ঘর তৈরি বাবদ কিছু খরচ করে অবশিষ্ট নগদ ৫ লাখ টাকা নিয়ে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম তালুকদার জানায়, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি মলম পার্টি/অজ্ঞান পার্টির কাজ তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।










