যশোরে ব্যতিক্রমী আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এডুকেশন সামিট। ইংরেজি শিক্ষাকে ছড়িয়ে দিতে ‘যশোর ইএসএল সামিটে সাত দফা বাস্তবায়নের ঘোষণা’ দেয়া হয়। ঘোষণা অনুযায়ী, জেলা প্রশাসনের সহযোগিতায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীকে আগামী ছয় মাসে আইডিয়া ‘স্পোকেন দ্য গেম মেথড’ বা খেলার মাধ্যমে বিনামূল্যে ইংরেজিতে কথা বলা শেখানো হবে। গতকাল যশোর আরআরএফ সেন্টারের ভিআইপি কনফারেন্স রুমে আইডিয়া স্পোকেন—দ্য গেম মেথড এ সামিটের আয়োজন করে।

আইডিয়া স্পোকেন—দ্য গেইম মেথডের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালেদা খাতুন রেখা। 

সামিটে যশোর জেলার ১০টি বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত হয়ে আগামী ছয় মাসব্যাপী নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজি শিখন কর্মপরিকল্পনা নির্ধারণ করেন। 

সামিটে কি-নোট উপস্থাপন করেন আইডিয়া স্পোকেন দ্য গেম মেথডের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা হামিদুল হক শাহীন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত “‍স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে যশোর জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ইংরেজি শিখনে বড় ভূমিকা রাখবে আইডিয়া স্পোকেন— দ্য গেম মেথড। এর মাধ্যমে শিক্ষার্থীরা খেলতে খেলতে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে।’

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘ইংরেজি ভাষায় আমাদের শিক্ষার্থীরা লিখতে পারলেও কথপোকথনে অনেক সময় সমস্যার সম্মুখীন হয়। ইংরেজি ভাষায় জড়তা কাটিয়ে তোলার জন্য খেলার ছলে আইডিয়া স্পোকেনের শিখন প্রক্রিয়া সাহায্য করবে। ’ 

সামিটে উপস্থিত ছিলেন যশোর জিলা স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট, সখিনা বালিকা উচ্চ বিদ্যালয়, মধুসূদন তারাপ্রসন্ন বালিকা বিদ্যালয়, যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসা, হামিদপুর দারুল আমান দাখিল মাদ্রাসা, যশোর কালেক্টরেট স্কুল, নবকিশলয় স্কুল ও মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি।