অবশেষে পুনর্গঠন হলো পার্বত্য জেলা পরিষদের নতুন পর্ষদ। গতকাল বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়েছে। এতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বিগত পর্ষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা অংসুই প্রু চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া নতুন ও পুরনো মুখ মিলিয়ে সদস্য নির্বাচিত হলেন আরো ১৪ জন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন পর্ষদের সদস্যরা হলেন জেলার বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সবির কুমার চাকমা, বাঘাইছড়ি উপজেলার প্রিয় নন্দ চাকমা, জুরাছড়ি উপজেলার প্রবর্তক চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিগত পর্ষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, লংগদু উপজেলা হতে আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহিম, সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বাদল চন্দ্র দে, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, দিপ্তীময় তালুকদার, রাজস্থলী উপজেলার নিউচিং মারমা, মহিলা আওয়ামী লীগ নেত্রী ঝর্ণা খীসা, লংগদু উপজেলা হতে বিগত পর্ষদের সদস্য মৃত মো. জানে আলমের স্ত্রী মোছা. আছমা বেগমসহ ১৪ জন।