নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি ধর্ষণ মামলার আসামি বাদীপক্ষের লোকজনের পিটুনিতে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান৷

নিহতের নাম রকি (২২)৷ গত শনিবার বন্দর থানায় এক তরুণীর করা ধর্ষণ মামলায় দুই নম্বর আসামি ছিলেন তিনি৷

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় রকিকে মারধর করেন বাদীপক্ষের লোকজন৷ পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে৷ সেখান থেক বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়৷ সেখানেও পরিস্থিতি খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়৷ সেখানে আজ সকালে তিনি মারা যান৷

এদিকে এ ঘটনায় শহীদুল (২১) ও সাইফুল (১৯) নামে দুইজনকে আটক করেছে বন্দর থানা পুলিশ৷

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গতকাল সন্ধ্যায় আসামিকে ধরতে গেলে চিটাগাং রোড এলাকায় মারধরের ঘটনা ঘটে৷ সকালে আহত রকি মারা যান৷ এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।