বগুড়ার শাজাহানপুরে বাড়ি থেকে বাপ্পী ইসলাম (১৪) নামে এক কিশোরকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. আশরাফ (১৪) নামে আরেক কিশোরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

শাজাহানপুর থানা পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের মক্কেছ আলী ড্রাইভারের ছেলে বাপ্পি ও তার বন্ধু একই গ্রামের ওমেদ আলীর ছেলে আশরাফকে সোমবার রাত ১১টার দিকে ফোন করে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে আহত অবস্থায় আশরাফ দৌঁড়ে বাড়িতে গিয়ে পড়ে যায়। পরিবারের সদস্য ও গ্রামের লোকজন আহত দুই বন্ধুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাপ্পীকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে ভর্তি করা হয় আশরাফকে।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ আজিম উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি। পুলিশ রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।