দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ এখন পর্যন্ত মোট ৫ হাজার ৯৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ কার্যকলাপ রোধে, বিভিন্ন এলাকায় যানবাহনে তল্লাশির মাধ্যমে বৃহৎ পরিসরে এ অভিযান চালানো হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা, জননিরাপত্তা উন্নত করা ও অপরাধমূলক কার্যকলাপ দমন করার লক্ষ্যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে।

অভিযানে পুলিশ ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল এবং ১৭ হাজার ৯২৩টি গাড়ি তল্লাশি করেছে। এ সময় নিবন্ধন ও অন্যান্য আইনি প্রয়োজনীয়তা লঙ্ঘনের জন্য ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ কার্যকলাপ রোধ, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা জোরদার করার জন্য ১৩ ডিসেম্বর দেশব্যাপী পুনরায় এ অভিযান শুরু হয়েছে।