ভারতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার (৪ অক্টোবর) নয়াদিল্লিতে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে এক্স হ্যান্ডলে একটি পোস্টে জয়শংকর এ বৈঠককে ‘ফেয়ারওয়েল কল’ বা বিদায়কালীন সাক্ষাৎ বলে বর্ণনা করেছেন। তিনি পোস্টে বাংলাদেশী হাইকমিশনারের অবদানের প্রশংসা এবং ভবিষ্যতের সব উদ্যোগে তার সাফল্য কামনা করেন।
আর এদিনের বৈঠকের ছবি পোস্ট করে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ লেখেন, ‘রাষ্ট্রদূত হিসেবে আঠারো মাসের কার্যকালে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নীরবে ও ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি – যার ভিত্তি ছিল পারস্পরিক আস্থা, মর্যাদা ও অভিন্ন স্বার্থ।’ কূটনীতির ‘চিরাচরিত পথে না হেঁটে’ দুদেশের মানুষের মধ্যেকার নাড়ির টানকেই স্পর্শ করতে চেয়েছেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, দিল্লিতে বছর দেড়েকের কার্যকালের শেষে রিয়াজ হামিদুল্লাহ অচিরেই জেনেভাতে জাতিসংঘের কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন। দিল্লিতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, সম্প্রতি যার ক্রেডেনশিয়ালস বা নিয়োগপত্র আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত সরকার।










