বগুড়ায় পণ্য ওজনে কম দেয়ায় গিয়াস উদ্দিন (৫৩) নামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে বগুড়া শহরের উপশহর এলাকায় এ আদালত পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিন টিসিবির পণ্য ওজনে কম দিয়ে জনসাধারণের সঙ্গে প্রতারণা করেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে গিয়াস উদ্দিন এ ধরনের কাজ করলে তার ডিলারশিপ বাতিল করা হবে বলে জানানো হয়।










