সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রক্টর পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবিরকে ব্যক্তিগত ও পারিবারিক কারণে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত বছরের ২ সেপ্টেম্বর প্রক্টর হিসেবে নিয়োগ পান ড. আলমগীর কবির।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমেদকে অসুস্থতার কারণ দেখিয়ে পরিচালকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।