নেদারল্যান্ডসকে গুঁড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের প্রস্তুতি সারল ভারত। গতকাল বেঙ্গালুরুতে ৪ উইকেটে ৪১০ রানের সৌধ গড়ে ভারত, যা চলতি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ ও ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাব দিতে নেমে ডাচরা ২৫০ রানে গুটিয়ে যায়। রাউন্ড রবিন লিগে ৯ ম্যাচের ৯টিতেই জিতে সেমিফাইনাল খেলতে যাচ্ছে স্বাগতিকরা। এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ বিশ্বকাপের গ্রুপ পর্ব। এবার নকআউটের উত্তাপের অপেক্ষা। 

ডাচরা হেরে যাওয়ায় টেবিলের তলানিতেই থাকল। তাদের ব্যর্থতায় টেবিলের আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেল বাংলাদেশ। উভয় দলের পয়েন্ট সমান ৪ হলেও নিট রান রেটে ডাচদের (-১.৮২৫) চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশ (-১.০৮৭)। 

গতাকল শ্রেয়াস আইয়ার (৯৪ বলে ১২৮*) ও লোকেশ রাহুলের (৬৪ বলে ১০২) জোড়া সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ভারতের বোর্ডে জমা পড়ে ৪১০ রান। অধিনায়ক রোহিত শর্মা ৫৪ বলে ৬১, শুভমান গিল ৩২ বলে ৫১ ও বিরাট কোহলি ৫৬ বলে ৫১ রান করে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন। পরে শ্রেয়াস ও লোকেশের ১২৮ বলে ২০৮ রানের বিস্ফোরক পার্টনারশিপে ভারতের সংগ্রহটা চারশ ছাড়িয়ে যায়। এ পথে বিশ্বকাপে ভারতের দ্রুততম (৬২ বলে) ও বিশ্বকাপের ইতিহাসে নবম দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন লোকেশ। চলতি বিশ্বকাপেই আফগানিস্তানের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেন রোহিত। গতকাল তাকে টপকে যান লোকেশ। 

গতকাল চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা ও চার মারার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ৫৪ বলে ৬১ রানের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কার মার ছিল। গতকালই তিনি চার-ছক্কায় টপকে যান দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে। 

রোহিত ৫৮টি চার মেরে এগিয়ে আছেন ডি ককের (৫৭) চেয়ে, আর ২৪টি ছক্কা মেরে এগিয়ে আছেন ম্যাক্সওয়েলের (২২) চেয়ে। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ৫০ ওভারে ৪১০/৪ (শ্রেয়াস ১২৮*, লোকেশ ১০২, রোহিত ৬১, শুভমান ৫১, কোহলি ৫১; বাস ডি লিডি ২/৮২)। নেদারল্যান্ডস: ৪৭.৫ ওভারে ২৫০ (নিদারামানু ৫৪, সাইব্র্যান্ড ৪৫, অ্যাকারম্যান ৩৫; সিরাজ ২/২৯, বুমরাহ ২/৩৩, কুলদীপ ২/৪১, জাদেজা ২/৪৯)। ফল: ভারত ১৬০ রানে জয়ী। ম্যাচসেরা: শ্রেয়াস আইয়ার (ভারত)।