বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে গত শুক্রবার রাত ১২টায়। আজ রোববার ভোট গ্রহণের পর নতুন মেয়র পাচ্ছেন বগুড়া পৌরসভার বাসিন্দারা। এদিকে নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। নেয়া হয়েছে শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে জানানো হয়, পৌর নির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি, ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম, পাঁচটি স্ট্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক র্যাব, পুলিশ, আনসার সদস্য নিরাপত্তার জন্য মাঠে কাজ করবেন।

আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি নৌকা প্রতীক, বিএনপি মনোনীত জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আব্দুল মান্নান আকন্দ জগ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়ার সহসভাপতি মাওলানা আব্দুল মতিন হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, আজ সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে ইভিএমে। নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করবেন। সার্বিক নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক র্যাব, পুলিশ, আনসার সদস্য কাজ করবেন। একই সঙ্গে পুলিশ ও র্যাব থেকে বিশেষ ফোর্সও কাজ করবে। নিরাপত্তার বিষয়ে কোনো কমতি থাকবে না। ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন তার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।