রাজশাহী বিভাগজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরো ৭১২ জনের। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৪৩ হাজার ৬১৩ জনে। গত একদিনে করোনায় প্রাণ হারিয়েছে ১৪ জন। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি দাঁড়াল ৬৭২ জনে।

গতকাল দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একদিনে বিভাগে যে ১৪ জন প্রাণ হারিয়েছেন, তার মধ্যে চারজন করে চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বাসিন্দা। করোনার হটস্পট রাজশাহীতে এদিন প্রাণ গেছে তিনজনের। এছাড়া নওগাঁয় দুজন এবং বগুড়ায় একজন করে প্রাণ হারিয়েছেন করোনায়।

এদিকে, ১৫ দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে মারা গেছে ১৪৪ জন। এর মধ্যে সোমবার সকাল ৯টা থেকে গতকাল সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে আটজন করোনায়, তিনজন করোনা উপসর্গ নিয়ে এবং একজন করোনা সংক্রমণ সেরে ওঠা রোগী মারা গেছেন।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ১২ জন মারা গেছেন। গত একদিনে হাসপাতালের আইসিইউতে চারজন মারা গেছেন। তিনজন করে মারা গেছেন ৩ ও ২৫ নম্বর ওয়ার্ডে। এছাড়া ১৬ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।