বগুড়ায় একই পরিবারের ৭ জনসহ নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জন। আক্রান্তদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য।
আজ বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে আক্রান্তরা সবাই সুস্থ আছেন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গতকাল মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে এ জেলার ১৭৬ টিসহ মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। বাকিগুলোর মধ্যে ১২টি সিরাজগঞ্জের নমুনা ছিল। রাতে পাওয়া ফলাফলে বগুড়া পুলিশ লাইনে কর্মরত পুলিশের যে সদস্যরা আক্রান্ত হয়েছেন তাদের বাইরে যাওয়ার কোনো ইতিহাস নেই। তাদের মধ্যে একজন সহকারী উপ-পরিদর্শক। তার বয়স ৫৬ বছর। আর বাকি ৩ জন কনস্টেবল। তাদের বয়স ৫৫, ৫৬ ও ২৭। গত ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
সিভিল সার্জন আরো জানান, শহরের জলেশ্বরীতলা এলাকার এক ব্যবসায়ী পরিবারের যে ৭ জন আক্রান্ত হয়েছেন তারা সবাই ঢাকা ফেরত। ওই ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৪ জন নারী। পুরুষদের বয়স- ৩৯, ৩৫ ও ২৭। নারীদের বয়স ৫৯, ৫৭, ১৮ ও ১৪। গত ৮ মে তারা ঢাকা থেকে বগুড়া ফেরেন। ১১ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়।
সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, এর আগে ওই পরিবারেরই এক সদস্য বগুড়া সৈয়দ আহম্মদ কলেজের সাবেক অধ্যক্ষ গত ৮ মে ঢাকায় চিকিৎসা করাতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তাকে দেখতে বগুড়া থেকে পরিবারের সদস্যরা ঢাকায় গিয়েছিলেন। ওই ৭ জনকে তাদের বাড়িতেই লকডাউনে রাখা হয়েছে। সেখানেই তাদেরকে চিকিৎসা দেয়া হবে।
এ নিয়ে গত ১ এপ্রিল থেকে বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা অর্ধশত ছাড়ালো। তাদের মধ্যে ৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বগুড়ায় পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশ লাইনে করোনায় আক্রান্ত এক কনস্টেবলের সঙ্গে একই কক্ষে থাকার কারণে নতুন ৪ জন আক্রান্ত হয়েছেন। তাদের পুলিশ লাইনেই কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।










