আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাষ্ট্রপতির কার্যালয়ের যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

এদিকে, প্রবাসী ভোটারদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে ফিরতে শুরু করেছে। ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট ফিরেছে। এছাড়াও ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটদান শেষে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।

তিনি আরো জানান, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল পর্যন্ত পোস্টাল ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৩ হাজার ৯২০ প্রবাসী।

পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেয়ার সুযোগ রয়েছে।