দিনাজপুরের হিলিতে দশ দিনের ব্যবধানে রসুনের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। দশদিন আগেও প্রতি কেজি রসুন ৫০টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৯০টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে রসুনের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।
হিলি বাজারে রসুন কিনতে আসা ইয়াসিন আলী বলেন, বাজারে সবকিছুর দাম বাড়তি। কয়েকদিন আগে যে রসুন ৫০টাকা কেজি কিনলাম এখন সে রসুন কিনতে হচ্ছে ৯০টাকা দরে। জিনিসপত্রের বাড়তি দামের কারণে আমাদের সংসারের ব্যায়ভার মেটাতে খুব সমস্যা হচ্ছে। বাধ্য হয়ে কেনাকাটার পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। আগে যেখানে হাফ কেজি কিনতাম, এখন সেখানে আড়াইশ’ গ্রাম কিনতে হচ্ছে। দামটা যদি একটু নাগালের মধ্যে থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়।
হিলি বাজারের রসুন বিক্রেতা শাকিল খান বলেন, সাধারণত নাটোরের রসুন দিয়ে এই অঞ্চলের মানুষের চাহিদা মেটানো হয়। কিন্তু এবার দিনাজপুরে রসুনের ভালো আবাদ হওয়ায় সেই রসুন দিয়ে বর্তমানে এই অঞ্চলের রসুনের চাহিদা মিটছে।
রসুনের দাম বাড়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আগে রসুন কাঁচা থাকায় দাম একটু কম ছিল। সরবরাহ স্বাভাবিক থাকলেও বর্তমানে রসুন সব শুকিয়ে গেছে। আগে যে রসুন এক কেজি ছিল, সেটি এখন শুকিয়ে সাড়ে সাতশ’ গ্রাম হয়ে গেছে, যার কারনে দামটা একটু বেড়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অহেতুক কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করে, তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










