অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে আমরা সবাই উপকৃত হব। আমরা ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে চেষ্টা করছি।
সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন। ‘এফডিআই ইকো সিস্টেম টু বুস্ট সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ শিরোনামে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে। সরবরাহ সমস্যা ঘোচাতে আমরা পুনর্নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছি। শিগগিরই পুনর্নবায়নযোগ্য জ্বালানির জন্য নতুন ৪০টি প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে।
গোলটেবিল আলোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন, আমাদের আরো বেশি বিনিয়োগ দরকার। সেজন্য আমাদের ব্যবসায়িক ইকোসিস্টেম তৈরিতে মনোযোগ দিতে হবে।
গোলটেবিল আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশের শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো দরকার। অর্থনৈতিক সংকট মোকাবেলায় আমাদের টেকসই বিনিয়োগ দরকার।
গোলটেবিল আলোচনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির কৌশলগত পরামর্শক পিটার ডি হাস ও এক্সিলারেট এনার্জির বাংলাদেশের লোকাল এজেন্ট হাবিব ভূইঁয়া, অ্যামচেমের সহ-সভাপতি এরিক এম ওয়াকার প্রমুখ।










