মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, ‘আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি, যাদের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে – আমরা স্পষ্ট করেছি- মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান থাকা দরকার; ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার।’

স্থানীয় সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে দুই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের উদ্বেগ জানানোর প্রসঙ্গটি উল্লেখ করে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতা হচ্ছে উল্লেখ করে তারা উদ্বেগ জানিয়েছেন এবং এ ব্যাপারে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য তাদের সরকারকে আহ্বান জানিয়েছেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক ও নীতিগত কোনো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা আছে কিনা, তা প্রশ্নকারী জানতে চান।

তিনি বলেন, ‘যেকোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যেকোনো ধরনের ক্র্যাকডাউন এমনকি ক্র্যাকডাউন না হলেও সব দেশের সরকারকে আইনের শাসনকে সম্মান করতে হবে এবং এর অংশ হিসেবে মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে। এ বিষয়ে আমরা গুরুত্বারোপ করে যাব।’

এ সময় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়।

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমার কাছে এ মামলার কোনো বিবরণ নেই। কিন্তু আবারো বলব, আমরা জোর দিয়ে যাচ্ছি এবং এরই মধ্যে জোর দিয়েছি, যারা আটক আছে তাদের পক্ষেও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সঙ্গে আচরণ করা প্রয়োজন।’