বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি)। সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুফতি মুহাম্মদ আবু সাঈদ খান এবং সদস্য ড. আবু ইউছুফ মো. নেসার উদ্দিন ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী উপস্থিত ছিলেন।
শাখাটি নিলুফার হাইটস, বি-৫২ (১ম তলা), কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকায় অবস্থিত। বনানী ইসলামী ব্যাংকিং শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহকদের জন্য শরিয়াহসম্মত আমানত, বিনিয়োগসহ আধুনিক ব্যাংকিং সেবার বিস্তৃত পরিসর প্রদান করা হবে। মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির নির্দেশনা ও তত্ত্বাবধানে শরিয়াহ নীতিমালা অনুসরণ করে এবং বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুযায়ী পরিচালিত হয়।
মিডল্যান্ড ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিং শাখায় রূপান্তর মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক, সহজলভ্য ও শরিয়াহসম্মত আর্থিক সেবা প্রদানের অঙ্গীকারেরই প্রতিফলন। পূর্ণাঙ্গ বনানী ইসলামী ব্যাংকিং শাখার কার্যক্রম শুরুর মাধ্যমে বনানী ও আশপাশের এলাকার ব্যক্তি ও ব্যবসায়িক গ্রাহকদের মধ্যে শরিয়াহভিত্তিক আর্থিক সেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণে মিডল্যান্ড ব্যাংক আরো কার্যকর ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।- বিজ্ঞপ্তি










