ওয়ানডে বিশ্বকাপে নয়বারের লড়াইয়ে নিউজিল্যান্ড ৫টি ও ভারত ৩টি ম্যাচ জিতেছে; একটি ছিল ফলহীন। আইসিসি ইভেন্টে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ) ১৯৯২ সাল থেকে নিউজিল্যান্ডের সঙ্গে নয়টি দ্বৈরথে মাত্র একবার জিততে পেরেছে ভারত। এ পরিসংখ্যান মাথায় নিয়েই আজ ঘরের মাঠ ধর্মশালায় কিউইদের মুখোমুখি রোহিত শর্মার দল। 

এটি শুধুই একটি গ্রুপ পর্বের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দুই দলের বিশ্বকাপ ইতিহাস। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের লড়াইও। চলতি বিশ্বকাপের দুই অপরাজিত দলের লড়াই আজ। ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট তুলে নিয়ে টেবিলের এক নম্বরে নিউজিল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। নিট রানরেটে এগিয়ে কিউইরা। আজ শীর্ষস্থান দখলে নেয়ার লড়াই। বিজয়ী দল এককভাবে শীর্ষে থাকবে।

এ মুহূর্তে অবিশ্বাস্য ফর্মে আছে ভারত। স্বাগতিকরা টানা চার ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশকে। অন্যদিকে নিউজিল্যান্ড হারিয়েছে ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বাংলাদেশ ও আফগানিস্তানকে। সবগুলো ম্যাচেই দাপটে জিতেছে কিউইরা। দলনায়ক কেন উইলিয়ামসন দুই ম্যাচে একাদশের বাইরে থাকার পর বাংলাদেশ ম্যাচে ফিরলেও আবার চোটে পড়েন। তাকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। ওই ম্যাচে ১৪৯ রানের বড় জয় তুলে নেয় গত দুই বিশ্বকাপের রানার্সআপরা।

ভারতও সমীহ জাগানো ফর্ম নিয়ে এগোচ্ছে। ব্যাটিংয়ে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো দুই সুপারস্টার দলকে টেনে নিচ্ছেন। দুজন এরই মধ্যে একটি করে সেঞ্চুরি পেয়েছেন। আজ তিন অঙ্কে পৌঁছালেই শচীন টেন্ডুলকারের ৪৯ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের গতির সঙ্গে স্পিনে প্রতিপক্ষ ব্যাটারদের কুপোকাত করে যাচ্ছেন কুলদীপ যাদব আর রবীন্দ্র জাদেজা। 

স্বাগতিকরা অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে, আফগানিস্তানকে ৮ উইকেটে, পাকিস্তানকে ৭ উইকেটে ও বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে শিরোপার দাবি জোরালো করেছে। আজ নিউজিল্যান্ডকেও হারালে প্রতিপক্ষ দলগুলোকে বিশেষ বার্তা দেবে ‘মেন ইন ব্লু’রা।

ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ১১৬ বারের মুখোমুখিতে ভারত অল্প ব্যবধানে এগিয়ে রয়েছে। তাদের ৫৮ জয়ের বিপরীতে কিউইরা জিতেছে ৫০টি ম্যাচ। ফলহীন ছিল ৭টি, ‘টাই’ হয় এক ম্যাচ। ভারতের মাটিতে এ বছর জানুয়ারিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড। সে হিসেবে আজ ভারতই এগিয়ে থাকবে। 

যদিও বিশ্বকাপ বলেই কিউইদের ভীষণ সমীহ করে খেলবে ভারত। বৈশ্বিক আসরে কিউইরাই কর্তৃত্ব করে এসেছে। সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপে দুবার লড়াই হয় তাদের। রাউন্ড রবিন লিগের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরে সেমিফাইনালে ভারতকে ১৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট পায় উইলিয়ামসনের দল।

আজকের লড়াই নিয়ে কিউই দলনায়ক টম ল্যাথাম বলেছেন, ‘এই টুর্নামেন্টে ভারতের টপ অর্ডার অবিশ্বাস্য পারফর্ম করে চলেছে এবং একই সঙ্গে আমাদের বোলাররাও। তাই ব্যাট-বলের দারুণ লড়াই হবে, একইভাবে বললে, ভারতীয় সিমার ও আমাদের টপ অর্ডারের লড়াইও জমবে। দুই দলেই কিছু জায়গায় সাদৃশ্য রয়েছে।’

আজ উত্তাপের ম্যাচে ভারত পাবে না সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে।  গত বৃহস্পতিবার পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বোলিং করার সময় গোড়ালিতে চোট পান তিনি। ফলে ছিটকে যান নিউজিল্যান্ড ম্যাচ থেকে। ২৯ অক্টোবর লক্ষ্ণৌতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবেন পান্ডিয়া। ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, মাঝের এই সময় তিনি পুরোপুরি বিশ্রাম নেবেন এবং চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন।

পান্ডিয়ার জায়গায় আজ ভারতের একাদশে দেখা যেতে পারে হার্ডহিটার সূর্যকুমার যাদব কিংবা টপ অর্ডার ব্যাটার ইশান কিশানকে। এছাড়া পেস অলরাউন্ডার শার্দূল ঠাকুর জায়গা হারাতে পারেন। সেক্ষেত্রে একাদশে আসবেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়ায় আফগান ম্যাচে খেলেননি উইলিয়ামসন। এ কারণে তাকে আজও পাবে না কিউইরা। কিউই বোলিং ইউনিট ভালো করে চলায় পেস বোলার টিম সাউদিকে আরো কিছুটা সময় বেঞ্চে বসে কাটাতে হবে।  

এদিকে দারুণ এক মাইলফলকের হাতছানি ভারতীয় ওপেনার শুভমান গিলের সামনে। আজ ১৪ রান করলেই ওয়ানডেতে দ্রুততম (৩৮ ইনিংস) ২ হাজার রান হয়ে যাবে তার। হাশিম আমলা ৪০ ইনিংসে দুই হাজার রান করে রেকর্ডের অধিকারী।