রাজধানীর বকশিবাজার প্রশাসন হেডকোয়ার্টার কারা অধিদপ্তরে কর্মরত এআইজি আবু তালেব (৫০) হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

আজ রোববার (১৭ আগস্ট) ভোর পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ছেলে মোহাম্মদ আজিম বলেন, আমার বাবা বকশিবাজার কারা অধিদপ্তরের প্রশাসন হেডকোয়ার্টারে এআইজি হিসেবে কর্মরত ছিলেন। ভোরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় আমার বাবাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু তালেবের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার গন্ধব এলাকায়। বকশিবাজার কারা অধিদপ্তরের কোয়ার্টারে থাকতেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।