রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ছেলেকে আনতে গিয়ে নিখোঁজ হওয়া মা আফসানা প্রিয়ার (৩০) মরদেহ পাওয়া গেছে। ডিএনএ পরীক্ষার পর আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ছেলে তৃতীয় শ্রেণীর ছাত্র আফসান ওহী (৯) জীবিত ফিরে এলেও আফসানা প্রিয়া ওই দিন থেকে নিখোঁজ ছিলেন। নিহত আফসানা প্রিয়া গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার ব্যবসায়ী আবদুল ওহাব মৃধার স্ত্রী।
নিহত আফসানার স্বজনেরা বলেন, আফসান ওহী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণীতে পড়ে। তার মা আফসানা প্রিয়া প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে গত সোমবার সকালে স্কুলে যান। শ্রেণীকক্ষে দিয়ে তিনি অভিভাবকদের কক্ষে অবস্থান করছিলেন। হঠাৎ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কুলের মাঠে পড়ে। বিধ্বস্ত বিমানের আগুনে মাইলস্টোন স্কুলের একটি ভবনে আগুন লেগে যায়। এ সময় অভিভাবকেরা তাদের সন্তানদের বাঁচাতে ছোটাছুটি করেন। একপর্যায়ে আফসান ওহীকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও তার মাকে পাওয়া যাচ্ছিল না।
নিহত আফসানার ভাশুর দুলাল মৃধা বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলসহ বিভিন্ন হাসপাতালে অনেক খোঁজাখুঁজি করেছেন। কিন্তু তার সন্ধান মেলেনি। বিকালে খবর পাওয়ার পর মরদেহ আনতে তারা সিএমএইচ হাসপাতালে রওনা হয়েছেন।
আফসানার চাচা তাজুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজি আফসানার ওপরেই বিমানটি বিধ্বস্ত হয়। এতে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এজন্য মরদেহটি কার, তা বোঝা যায়নি।’ গত মঙ্গলবার আফসানার বাবা আব্বাস উদ্দিন ও মা মিনু বেগমকে ঢাকার সিএমএইচ হাসপাতালে নিয়ে নমুনা সংগ্রহ করা হয়। পরে ডিএনএ পরীক্ষা করে মরদেহ শনাক্ত করা হয়। মরদেহ শনাক্তের খবর পেয়ে আজ বিকালে তারা মরদেহ আনতে যান।










