নদীতে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। রাত ১২টার পর আগের মতোই মাছটি শিকারে যেতে পারবেন জেলেরা। এজন্য জাল ও নৌকা প্রস্তুত রেখেছেন তারা।
মা-ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। সেই থেকেই নিষেধাজ্ঞা ওঠার অপেক্ষায় রয়েছেন দক্ষিণাঞ্চলের জেলেরা। সেই সঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রস্তুতিও শুরু করেন তারা।
গতকাল বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়ায় বেড়িবাঁধ এলাকায় তেঁতুলিয়া পাড়ের জেলেদের ব্যস্ততা চোখে পড়ে। নদীর কূল ঘেঁষে বাঁধের ওপর রাখা হয়েছে সারি সারি নৌকা ও ইঞ্জিনচালিত ট্রলার। সেখানেই ওই নৌকা বা ট্রলার মেরামতের কাজ করছেন জেলেরা। বেকার জেলেদের সময় কাটছে নৌকা বা ট্রলার প্রস্তুতি নিয়ে। একই দৃশ্য চোখে পড়েছে জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা পাড়েও।
বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহনের তেঁতুলিয়া পাড়ের জেলে সেলিম মাঝি ও সাইফুল বলেন, নিষেধাজ্ঞার এই ক’দিন ধার-দেনা করে দিন পার করেছি। এখন মাছ ধরার সময় চলে এসেছে, তাই নৌকা মেরামত করছি। আগে থেকে নৌকা তৈরি করতে না পারলে তখন সময় পাওয়া যাবে না।
মেহেন্দীগঞ্জের ক্ষুদ্র মত্স্যজীবী জেলে সোলাইমান মাঝি বলেন, জেলেদের দিন কষ্টে কাটছে, তবু আমরা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারে যাইনি। এখন জেলেদের কষ্টের দিন শেষ হতে যাচ্ছে, আমরা এখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি। ইলিশ শিকার করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারব বলে আশাবাদী আমরা।
বরিশাল মত্স্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, ২০০৪ সালে দেশে জাটকা রক্ষা কার্যক্রম শুরু হলে ইলিশ উৎপাদন বাড়তে থাকে। মা-ইলিশ রক্ষায় ২০০৮ সাল থেকে প্রজনন মৌসুমে ১১ দিনে নিষেধাজ্ঞা দিয়ে আসছে সরকার। পরবর্তী সময়ে গবেষণায় দেখা যায়, প্রজনন মৌসুমে অমাবস্যায় প্রচুর মা-ইলিশ ধরা পড়ে। পরে অমাবস্যা ও পূর্ণিমার আগে-পরে মোট ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া শুরু হয়। এর সুফল হিসেবে ২০০৮-০৯ সালে ইলিশ উৎপাদন বেড়ে হয়েছিল ২ লাখ ৯৯ হাজার টন। ২০১৮-১৯ সালে এর পরিমাণ দাঁড়ায় ৫ লাখ ৩৩ হাজার টন।
বরিশালের মত্স্য কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস বলেন, এবার ইলিশ রক্ষা অভিযান শতভাগ সফল হয়েছে। এতে আমাদের ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
তিনি আরো বলেন, নদীতে ডিম ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে ইলিশের বাচ্চার জন্ম হয়। মা-ইলিশ প্রজনন করা বাচ্চা নিয়ে তিন মাস নদীতে ঘোরাঘুরি করে। একটি ইলিশ সর্বোচ্চ সাত বছর পর্যন্ত বাঁচতে পারে। এ পর্যন্ত দেশের জলসীমায় সর্বোচ্চ তিন বছর বয়সী ইলিশ পাওয়া গেছে।










