রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আটজন। ১২ দিনের মধ্যে বিভাগে করোনায় সর্বনিম্ন প্রাণহানি এটি। এ নিয়ে বিভাগে প্রাণহানি দাঁড়াল ১ হাজার ১৩৩ জন। এর আগে ৪ জুলাই বিভাগে আটজনের প্রাণ নিয়েছে করোনা। এর দুদিন পর ৬ জুলাই মারা গেছেন ২৪ জন। বিভাগে একদিনে করোনায় প্রাণহানির সর্বোচ্চ রেকর্ড এটি।
এছাড়া ৫ জুলাই ১২ জন, ৭ জুলাই ১৪, ৮ জুলাই ১১, ৯ জুলাই ২২, ১০ জুলাই ১০, ১১ জুলাই ২৩, ১২ জুলাই ২১, ১৩ জুলাই ২২, ১৪ জুলাই ১২, ১৫ জুলাই ১৭ জন মারা গেছেন।
গতকাল দুপুরে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত দৈনিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। এদিকে ২৪ ঘণ্টায় বিভাগে করোনা ধরা পড়েছে ১ হাজার ৪৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমণ দাঁড়াল ৭২ হাজার ৫৭১ জনে। গত একদিনে বিভাগে সুস্থ হয়েছে ৫০৩ জন। এ নিয়ে বিভাগজুড়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৯১২।
২৪ ঘণ্টায় বিভাগে করোনা নিয়ে হাসপাতালে এসেছে আরো ২০০ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে বিভাগে মোট ৯ হাজার ৪৫৩ জন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের হিসাবে, একদিনে যে ১ হাজার ৪৫ জনের করোনা ধরা পড়েছে, তার ২৭০ জনই রাজশাহী জেলার বাসিন্দা। এছাড়া পাবনায় ২৩০, বগুড়ায় ১৮০, সিরাজগঞ্জে ১৪৫, নাটোরে ৯১, নওগাঁয় ৫৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৩ ও জয়পুরহাটে ২০ জনের করোনা ধরা পড়েছে।
২৪ ঘণ্টায় যে আটজন মারা গেছে, তার মধ্যে তিনজনই বগুড়া জেলার বাসিন্দা। এছাড়া দুজন করে রাজশাহী ও নওগাঁর এবং একজন সিরাজগঞ্জের।










