রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নয়ন চাকমা ওরফে সাজেক (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৯ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নয়ন চাকমা নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউয়িননের ৯ নংওয়ার্ডের বাজেছড়া গ্রামের বাসিন্দা কান্দারা চাকমা ছেলে বলে জানা গেছে।
এদিকে তাকে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে দাবি করেছে সংগঠনটি।
নানিয়ারচর থানার ওসি মো. সাব্বির হোসেন জানিয়েছেন, ‘উপজেলার ১৯ মাইল নামকস্থানে চাঁদাবাজির হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী উপস্থিত হলে সশস্ত্র সন্ত্রাসীরা হঠাৎ তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি করলে সাজেক চাকমা নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এসএমজি, ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিফিএফের রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এ ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে ‘অত্যন্ত ন্যক্কারজনক’ ও ‘ঠাণ্ডা মাথায় খুন’ মন্তব্য করেছেন। সেই সঙ্গে তিনি ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।










