বিডিআর বিদ্রোহের ঘটনার সেনা তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশ থেকে তিনি এ দাবি জানান।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে গতকাল শপথ নিয়েছেন লে. জেনারেল জাহাঙ্গীর। তার নেতৃত্বে একটা ইনকোয়ারি হয়েছিল বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। তিনি সঠিকভাবে কারণ এবং সমাধান বর্ণনা করেছেন। কিন্তু এ রিপোর্ট আলোর মুখ দেখেনি। আমরা চাই, তার নেতৃত্বে প্রতিষ্ঠিত যে সত্য অনুসন্ধান রিপোর্ট তা জনসমক্ষে প্রকাশ করা হোক।

তিনি বলেন, বিডিআরে মেধাবী চৌকশ সেনা অফিসারদের পোস্টিং দেয়া হয়েছিল। প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এ হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে তাতে দীর্ঘসূত্রিতা, ভেরি স্লো। এভাবে কেয়ামত পর্যন্ত বিচার শেষ হবে না। অতি দ্রুত প্রয়োজনে স্পেশাল ট্রাইব্যুনাল করে যাদের ফাঁসির আদেশ হয়েছে সবাইকে ঝুলিয়ে দেন। তাহলে নিহতদের আত্মা শান্তি পাবে।

ছা্ত্র-জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মুক্তিযোদ্ধা দল এ সমাবেশ ও আলোচনা সভা করে।