পুনর্মূল্যায়নের পর পাঁচ করবর্ষের বিপরীতে ৬০০ কোটির বেশি টাকা প্রদেয় কর দাবি ঘিরে কর কমিশনারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক দুটি রিট খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। গ্রামীণ কল্যাণের চেয়ারম্যান ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, আদালত এখনো পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেননি। তবে সংক্ষিপ্ত রায় অনুযায়ী, এনবিআরের যে দাবি গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। অর্থাৎ এ বিষয়ে কর পরিশোধের বিষয়ে এনবিআরের দাবিটিই বহাল থাকল।
হাইকোর্টের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন গ্রামীণ কল্যাণের আইনজীবীরা। সংবাদ সম্মেলনে গ্রামীণ কল্যাণের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জানান, এ মামলায় আজ যে রায় হয়েছে, সংক্ষিপ্ত রায় দিয়েছেন। পূর্ণাঙ্গ রায়ের জন্য আমরা অপেক্ষা করছি। রায়ের কপি পেলে আমরা আপিল বিভাগে লিভ টু আপিল ফাইল করব।
তিনি জানান, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ২০২৪ সালের পর থেকে এ প্রতিষ্ঠানে আর যুক্ত নেই। এমনকি গ্রামীণ গ্রুপেরও চেয়ারম্যান নন তিনি।










