পার্বত্য জেলা রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা হেলিকপ্টারে পোঁছনো হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলার কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের হ্যালিপ্যাড থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার বড়থলি ইউনিয়নের উদ্দেশে রওনা দেয়। হেলিকপ্টারে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা রশ্মি চাকমার নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা সেখানে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা রশ্মি চাকমা জানান, বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে গণটিকার প্রথম ডোজ দেয়া হলেও দুর্গমতার কারণে বড়থলি ইউনিয়নে টিকা দেয়া সম্ভব হয়নি। গতকাল বড়থলিতে ৬০০ টিকা নিয়ে আমরা রওনা দিয়েছি। এছাড়া টিকাদান কার্যক্রমের পাশাপাশি বিলাইছড়ি স্বাস্থ্য বিভাগ থেকে চিকিৎসাসেবা এবং ইপিআই কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী নেয়া হয়েছে।

বিলাইছড়ি ইউএনও মো. মিজানুর রহমান জানান, বিভিন্ন সময়ে বড়থলি ইউনিয়নের মানুষের সংকট ও ইউনিয়নের প্রকল্পগুলো সরেজমিন পরিদর্শনের জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও দুর্গমতা ও নিরাপত্তাজনিত কারণে সেখানে যাওয়া সম্ভব হয়নি। করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রম সফল করার জন্য আমরা স্বাস্থ্য বিভাগের টিম নিয়ে বড়থলি যাই।

রাঙ্গামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, গতকাল সকালে প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা করোনার ৬০০ টিকা নিয়ে বড়থলি ইউনিয়নে যান। টিকা ক্যাম্পেইনটি ৪ নং বড়থলি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে করা হবে।