বৃষ্টি বাগড়া না দিলে এশিয়া কাপের সুপার ফোরে আজ স্বাগতিক শ্রীলংকার মুখোমুখি হবে ভারত। আজ যদি খেলা হয় তবে টানা তিনদিন মাঠে থাকতে হবে রোহিত শর্মার দলকে। কেননা ভারত-পাকিস্তান দ্বৈরথটা রোববার শুরু হয়ে বৃষ্টির কারণে অসমাপ্ত ছিল, যা গতকাল রিজার্ভ ডেতে গড়ায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ শ্রীলংকা-ভারত ম্যাচ। কাজেই টানা তিনদিন খেলতে হচ্ছে বিরাট কোহলি, রোহিতদের।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে শ্রীলংকা ও ভারতের এ দ্বৈরথ।
শ্রীলংকা প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। বাংলাদেশের আশা প্রায় শেষ হয়ে গেলেও সাকিবদের হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে সিংহলিজরা। ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো একটি দলকে হারাতে পারলে তারা ফাইনালের টিকিট পেতে পারে।
এ মুহূর্তে বেশ আত্মবিশ্বাসী শ্রীলংকার ক্রিকেটাররা। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই খেলোয়াড়রা বেশ ছন্দে আছেন। পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা সবাই দারুণ ফর্মে। বোলিং বিভাগও জ্বলছে। বিশেষ করে ফাস্ট বোলিং সেনসেশন মাথিসা পাথিরানা আশা দেখাচ্ছেন লিংহলিজদের। ৮ উইকেট নিয়ে তিনি চলতি এশিয়া কাপে উইকেট শিকারিদের তালিকায় রয়েছেন তিন নম্বরে। পাকিস্তানের হারিস রউফ ও বাংলাদেশের তাসকিন আহমেদ সমান ৯ উইকেট নিয়ে এক ও দুইয়ে অবস্থান করছেন। যদিও পাথিরানা তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেছেন।
বোলিং অ্যাকশনের কারণে শ্রীলংকার ‘বেবি মালিঙ্গা’ খ্যাত পাথিরানাকে নিয়ে শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নওয়াজ গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘তার উন্নতিতে ভূমিকা রেখেছে চেন্নাই সুপার কিংস ও এমএস ধোনি। কিন্তু পাথিরানা তো শ্রীলংকা ক্রিকেটের প্রডাক্ট। সে আমাদের হয়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছে। তাকে অল্প বয়সেই খুঁজে নেন নির্বাচকরা। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কর্মসূচিতেও ছিল সে।’
তিনি এটাও স্বীকার করছেন যে আইপিএল তাকে পরিণত করেছে। নাভিদ বলেন, ‘আইপিএলে খেলার অভিজ্ঞতা তাকে এসব ম্যাচের জন্য পরিণত করেছে। ১৮-১৯ বছর বয়সেই তাকে এমএস ধোনির মতো অধিনায়কের অধীনে খেলতে হয়েছে। আমি নিশ্চিত, বড় ম্যাচে কীভাবে চাপ সামাল দিতে হয় সেটি সে ধোনির কাছ থেকে শিখেছে।’










