সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের রুলস হল মানুষের সেবা করা। রুলস অব বিজনেস কী এ নিয়মের মধ্যে থেকে আটকে থাকলে পরিবর্তন করে এগোতে হবে। আমরা প্রস্তুতি নিয়েই এসেছি যাতে অল্প সময়ে অনিয়ম দূর করে আপনাদের সহযোগিতায় এ দেশকে এগিয়ে নেয়া যায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন। সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচনী ইশতাহারে জনগণের জীবনমান উন্নয়নের যে ম্যান্ডেট নিয়ে আমরা দায়িত্বে এসেছি, সেই অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয়ের কার্যক্রম আরো জোরদার করতে হবে। আমাদের অন-গোয়িং যে প্রকল্প চলছে তা চলতে থাকবে, কোনোটাই বন্ধ হবে না।

তিনি বলেন, ইশতাহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছি। ঈদের আগে প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। আমাদের যে দায়িত্ব আছে তা যথাযথভাবে পালন করব।

মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, দেশের দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য সঠিক ও কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে। উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম শুধু কাগজে কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবিক অর্থে যাতে জনগণের কাজে লাগে এমনভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, আমাদের সময় কম। এ অল্প সময়ে আমাদের অনেক কাজ করতে হবে। আমাদের যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে দিয়েই ওয়েল ডেভেলপমেন্ট করতে হবে। সীমিত সম্পদের উপযুক্ত ব্যবহারের মাধ্যমে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উন্নয়নে তাদের ভবিষ্যত জীবন আমরা কীভাবে গড়ে দিতে পারি সে বিষয়ে পরিকল্পনামাফিক কাজ করতে হবে। সম্পদের যেন উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা যায়, সম্পদের অপচয় যেন না হয় সেদিকে খেয়াল রেখে মানুষের সঠিক সমস্যাকে চিহ্নিত করার মাধ্যমে সেটির সমাধান নিশ্চিত করে মানুষের আস্থা অর্জনে কাজ করতে হবে।

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ ও বিভিন্ন দফতরের প্রধানরা উপস্থিত ছিলেন।