ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার ইসির উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের ১৩তম সভা অনুষ্ঠিত হবে।

বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে, স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। এছাড়া পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদনসহ বিবিধ বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।