বগুড়ার শেরপুরে শালফা বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের চারটি দোকান ভস্মীভূত হয়ে যায়। এতে অন্তত ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল সকালে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কসংলগ্ন উপজেলার খানপুর ইউনিয়নের শালফা বাজারের হারেজ উদ্দিন মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন বাবলু মিয়া, জাহাঙ্গীর ইসলাম, সুবল শীল ও রবিউল ইসলাম।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।