সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ১২ শিকারিকে আটক করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে  অভিযান চালিয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের মোংলা উপজেলার জাপসি নদী এলাকা থেকে তাদের আটক করেন র‍্যাব সদস্যরা। গতকাল সকালে র‍্যাব-৬ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ।

আটককৃতরা হলেন সাদ্দাম বৈদ্য, শফিকুল ইসলাম বৈদ্য, জাকির হোসেন, খায়রুল মোড়ল, আ. সালাম গাজী, বাচ্চু সানা, আবু সাইদ সরদার, মো. নাজমুল সরদার, আবুল হোসেন গাজী, শাহজাহান শেখ, সালাম সানা ও ইকরামুল সরদার। এদের বেশির ভাগের বাড়ি খুলনার রূপসা ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মোসতাক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি সুন্দরবনের অভয়াশ্রম ঘোষিত এলাকা জাপসি নদীতে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, খালের পানিতে অসংখ্য মাছ মরে ভেসে আছে। ভেসে থাকা মাছগুলো নৌকায় তুলছে কয়েকজন মানুষ। এ সময় মাছ শিকার চক্রের মূল হোতা মো. সাদ্দাম বৈদ্যসহ মোট ১২ জনকে আটক করেন র‍্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ দিয়ে মাছ শিকারের কথা স্বীকার করেছেন আটককৃতরা।

 আটককৃতদের কাছ থেকে মাছ মারার বিষ, চারটি জাল, পাঁচটি ইঞ্জিনবিহীন কাঠের নৌকা, বিষপ্রয়োগের মাধ্যমে শিকার করা বিভিন্ন প্রজাতির ৪০০ কেজি মাছ ও পাঁচটি টর্চলাইট জব্দ করা হয়।  উদ্ধারকৃত আলামত ও আটকদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।