ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস থেকে ড্রামভর্তি অজ্ঞাতনামা নারীর (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে মরদেহটি উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
উদ্ধার হওয়া নারীর পরিচয় উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় বাসের চালক ও হেলপার এবং যেখান থেকে ড্রামটি বাসে ওঠানো হয়েছে সেই গড়িয়ারপাড়ের কাউন্টার শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় আরসি পরিবহন নামে স্থানীয় রুটের একটি বাস নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জেলার সীমান্তবর্তী ভূরঘাটার উদ্দেশে যাচ্ছিল। সন্ধ্যা ৭টায় গড়িয়ারপাড় স্ট্যান্ডে ওই বাসের হেলপারের সহায়তায় বাসের ছাদে একটি প্লাস্টিকের ড্রাম ওঠায় আনুমানিক ৪৫ বছর বয়সের এক ব্যক্তি।
ড্রামে কাচের জিনিস রয়েছে বলে সুপারভাইজার ও হেলপারকে জানিয়েছিল ওই যাত্রী। রাত ৯টার দিকে বাসটি ভূরঘাটা বাসস্ট্যান্ডে পৌঁছলে ড্রামের মালিক ভ্যান আনার কথা বলে নেমে যায়। এরপর দেড় ঘণ্টা অতিবাহিত হলেও ড্রামের মালিক ভ্যান নিয়ে ফিরে না আসায় বাসের চালক ও হেলপারের সন্দেহ হয়। তারা ড্রামটি নামিয়ে স্থানীয়দের উপস্থিতিতে মুখ খুললে ভেতরে বোরকা পরিহিত আনুমানিক ৩০-৩৫ বছর বয়সের এক নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, মরদেহের সুরতহাল রিপোর্টে ওই নারীর মাথার পেছনের দিকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করে মরদেহ গুম করতে ড্রামে ভরে বাসের ছাদে তুলে দিয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।










