আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটারের চাপ সামলাতে প্রতিটি কক্ষে দুটি করে ভোট দেয়ার জায়গা বা গোপন কক্ষের (স্টাম্পিং সেন্টার) ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিরাপদ ভোটগ্রহণ প্রক্রিয়ায় গতি ও গোপনীয়তা নিশ্চিতকরণ বিষয়ে ৩৪টি বিভাগের সঙ্গে সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির অন্য কমিশনার, সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আখতার আহমেদ বলেন, ভোট দিতে কত সময় লাগে এবং ভোটকেন্দ্র বাড়ানো প্রয়োজন কিনা এ বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই। তবে প্রতিটি কক্ষে একটির পরিবর্তে দুটি গোপন কক্ষ রাখতে হবে। এ কারণে সামান্য বাজেট বাড়তে পারে।

সচিব জানান, ভোটারদের গোপনীয়তা রক্ষায় গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হলেও একই কক্ষে নিয়মের অধিক ভোটার প্রবেশ করে ভোট দেয়ার সুযোগ থাকবে না।

ভোটার উপস্থিতি, গোপনীয়তা এবং ভোটারদের ব্যালট পড়তে সময় লাগে কিনা—এসবও পর্যালোচনায় আছে জানিয়ে সচিব বলেন, একজন ভোটার কক্ষে প্রবেশ থেকে বের হতে কত সময় লাগে—সেটিও পর্যবেক্ষণ চলছে। গণভোটের চারটি বিষয় আগে থেকে প্রচারণা হলে ভোটারদের পড়ার সময় কমবে। এ বিষয়ে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট কেন্দ্র থাকবে ৪২ হাজার ৭৬১টি। নির্ধারিত মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি—এর মধ্যে নারী ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি এবং পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি।