বেপরোয়া গতিতে একটি পিকআপ ট্রাক বগুড়া শহরের মাটিডালী মোড়ের দিনমজুরের হাটে প্রবেশ করলে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মন্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।

জানা গেছে, বগুড়া শহরের মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পার্শ্বে প্রতিদিন সকালে দিনমজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। সেখান থেকে ব্যক্তি বা ঠিকাদাররা মজুর নেন। আজ সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীমুখী একটি দ্রুতগামী পিকআপ দিনমজুরের হাটে ঢুবকে পড়ে। লোকজনকে চাপা দিয়েই সেটি দ্রুত পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, হতাহতরা সকলেই কাজের সন্ধানে আসা দিনমজুর। দুর্ঘটনার পরেই পিক-আপটি দ্রুত পালিয়ে যায়।