রাজশাহীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) একজন পরিবেশকের বাড়িতে বিপুল পরিমাণ পণ্য পাওয়া গেছে। এসব পণ্য খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রির কথা ছিল।

গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর রেশমপট্টি এলাকায় টিসিবির পরিবেশক মোস্তাক আহমেদ কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৫২০ লিটার সয়াবিন তেল, ৩৫০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ২০০ কেজি ছোলা জব্দ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়। কাজলের বাড়ির সঙ্গে একটি মুদি দোকানও আছে। ওই দোকানেও পাওয়া গেছে টিসিবির পণ্য।

অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, টিসিবির পণ্য ট্রাকে নিয়ে বিক্রি না করে এখানে মজুদ করে রাখা হয়েছিল।