সাধারণ ছুটির পাশাপাশি গণমাধ্যম চলাচল বন্ধেরও সময়সীমা বাড়িয়ে ১১ এপ্রিল করা হয়েছে। কিন্তু এরই মধ্যে ডাক এসেছে কাজে যোগ দেয়ার। নিরূপায় রাঙ্গামাটির পোশাক শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে ৭০ কিলোমিটার হেঁটে যাচ্ছেন চট্টগ্রামের কর্মস্থলে।

আজ শনিবার সকাল থেকে জেলা শহর ও বিভিন্ন উপজেলার পোশাক শ্রমিকরা দলে দলে হেঁটে চট্টগ্রামের উদ্দেশে যেতে দেখা যায়। তাদেরই এক্জন আব্দুল মতিন বলেন, অফিস থেকে আগামীকাল রোববার কাজে যোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সব গাড়ি বন্ধ, তাই হেঁটেই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছি। পথে পথে পুলিশের বাধা থাকলেও মানবিক কারণে তারা ছেড়ে দিচ্ছেন।

আরেক পোশাক শ্রমিক রোকেয়া আক্তার বলেন, লংগদু থেকে মালামালের বোটে করে খুব সকালে রওনা দিয়েছি। যদি রোববার কর্মস্থলে যোগ দিতে না পারি তাহলে ছুটির দিনগুলোসহ অনুপস্থিতি দেখানো হবে। আর বেতন ভাতা দেয়ার সময়ও ঝামেলা হতে পারে। এদিকে আমাদের বাসা ভাড়া, দোকানের টাকা বকেয়া আছে। 

কভিড-১৯ ছোঁয়াচে রোগ জেনেও শুধু চাকরি বাঁচানোর জন্য কাজে যোগ দিতে চলেছেন বলে জানান নয়ন মিয়া। তিনি বলেন, চাকরি গেলে বউ-বাচ্চা নিয়ে না খেয়ে থাকবে। রাঙ্গামাটি থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। আবার পাহাড়ি পথ। কিন্তু কিছুই করার নাই!

এদিকে আজ সকাল থেকে সামাজিক দূরত্ব বাজায় নিশ্চিত করতে শহরে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। আজ সাপ্তাহিক হাট থাকার কারণে বনরূপা বাজারে সেনাবাহিনীর একটি দল সার্বক্ষণিক নজর রাখছে। অপ্রয়োজনে বাইরে বের হলে জরিমানাও করছে প্রশাসন। বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞেস করলে সদুত্তর দিতে না পারায় এক ব্যক্তিকে  ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন।