প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিসতিয়াগা ওচোহোয়া ডি চিনচিত্রু। আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্টে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান বিচারপতি ও স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। আলোচনায় স্পেনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে প্রধান বিচারপতির গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, বিচার বিভাগ পৃথকীকরণ ও আধুনিকায়নে সুপ্রিম কোর্ট সবসময় পারস্পরিক সহযোগিতায় আগ্রহী।

প্রধান বিচারপতি আরো বলেন, জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের বিচার বিভাগ মানবাধিকারের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরো জানান, শক্তিশালী বিচার বিভাগ গঠনে স্পেন বাংলাদেশকে সব রকমের সহযোগিতা দিতে প্রস্তুত। এছাড়াও বিচার বিভাগের আধুনিকায়নে প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তার জন্য স্পেন আগ্রহী।